শপথ নিয়েই জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন ধানের শীষ প্রতীকে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর। তিনি ৭ মার্চের ভাষণের ওপর সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নেন। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের বৈঠক। স্পিকারের আসনের বাম পাশে বিরোধী দলের আসনের দ্বিতীয় সারিতে তাকে আসন দেওয়া হয়।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার–২ আসন থেকে নির্বাচিত হন সুলতান মনসুর। গত ৩ জানুয়ারি নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। সেসময় সুলতান মনসুরসহ বিএনপি ও গণফোরামের নির্বাচিত আট সদস্যের কেউই শপথ নেননি। তারা ভোট ডাকাতির অভিযোগ তুলে শপথ না নেওয়ার ঘোষণা দেন। তবে জাতীয় ঐক্যজোটভুক্ত দল ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মনসুর দলের সিদ্ধান্তের বিপরীতে শপথ নেওয়ার ইচ্ছে পোষণ করেন। তিনি শপথ নেওয়ার জন্য স্পিকারকে চিঠিও দেন। এরপর বৃহস্পতিবার সকালে শপথ নেন তিনি। এর কয়েকঘণ্টা পর এদিন বিকালেই তাকে দল থেকে বহিস্কার করে গণফোরাম।