বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী




তথ্যমন্ত্রী হাছান মাহমুদ (ছবি: সংগৃহীত)আগামী ১২ মের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব টেলিভিশনে চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সোমবার (১১ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর দফতরের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর বেসকাররি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ সাংবাদিক মোজাম্মেল হোসেন বাবু, অঞ্জন চৌধুরী, নঈম নিজাম, হারুন উর রশিদ, জ ই মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহারের প্রধম তিন মাস বিনা মূল্যে সেবা দেওয়া হবে। পরবর্তীতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নির্দিষ্ট একটি ফি নির্ধারণ করা হবে। এ ছাড়া আগামী ১ এপ্রিলের মধ্যে বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে অ্যাটকো নেতাদের আশ্বাস দেন তথ্যমন্ত্রী।
এ সময় অ্যাকটোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন বাবু বলেন, অনলাইন ও দৈনিক পত্রিকাগুলো যেভাবে টক শো ও ভিডিও কনটেন্ট নিজেদের অনলাইন ভার্সনে আপলোড করছে তা সম্প্রচারনীতি বিরোধী। তাই এ বিষয়ে সরকারের নজরদারি প্রয়োজন বলেও দাবি করেন তিনি।