ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর অসুস্থ বলে ঠিকমতো কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী রাশেদ খান। মঙ্গলবার (১২ মার্চ) রাতে টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রাশেদ বলেন, ‘আমাদের নুরুল হক নুর কিছুটা অসুস্থ। সাংবাদিকরা তাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেছেন। অসুস্থ থাকার কারণে সে ঠিকমতো উত্তর দিতে পারছে না। তাকে মানসিকভাবে আঘাত করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। সে একটা বক্তব্য দিয়েছে শপথ নিয়ে। আসলে শপথের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা পরে জানাবো।’
নুরের শপথ নেওয়া প্রসঙ্গে রাশেদ বলেন, ‘এটা আসলে আলোচনার বিষয়। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আমরা জানাবো।’
মঙ্গলবার নবনির্বাচিত ভিপি নুর ও তারা ক্যাম্পাসে প্রবেশ করলে ছাত্রলীগ হামলা চালায় দাবি করে রাশেদ বলেন, ‘আমরা হামলার বিচার চাই। আমরা ছাত্রলীগের সভাপতিকে বিষয়টি জানিয়েছি। তিনি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।’
এদিকে একই সময়ে ডাকসুর পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচনের সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও ভিসির পদত্যাগ দাবিতে ৩ দিনের আল্টিমেটাম দেন ভিপি প্রার্থী লিটন নন্দী। তিনি বলেন, ‘দাবি আদায়ে বুধবার (১২ মার্চ) দুপুর ২টায় রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ভিসি ভবনের সামনে অবস্থান করবো এবং ভিসিকে দাবির বিষয়ে লিখিতভাবে জানাবো। আমরা পাঁচটি প্যানেলের পক্ষ থেকে এই দাবিগুলো ঘোষণা করেছি।’