কাদেরকে কেবিনে স্থানান্তর, দেওয়া হচ্ছে নরম খাবার

ওবায়দুল কাদেরসিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বুধবার (১৩ মার্চ) সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো। সকাল থেকেই তাকে নরম খাবার দেওয়া হচ্ছে।

সিঙ্গাপুর থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান।

আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। এসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।