আমাদের মূল্যবোধগুলো সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে: তথ্যমন্ত্রী





ড. হাছান মাহমুদসামাজিক ও পারিবারিক মূল্যবোধের মানদণ্ডে বাংলাদেশ উন্নত বিশ্বের অনেক রাষ্ট্রের তুলনায় অনেক বেশি উন্নত, অনেক বেশি এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী রাষ্ট্র। ভৌত ও অবকাঠামোগতভাবে দিন দিন আমাদের দেশ উন্নত হচ্ছে। কিন্তু, এ উন্নয়নের পাশাপাশি যেন আমরা আমাদের সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো হারিয়ে না ফেলি। এগুলোকে সংরক্ষণ করি, সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।’





শনিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা ইউনিটের ২০১৯ সালের কনভেশনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনেকক্ষেত্রে পশ্চিমা বিশ্বকে অন্ধ অনুকরণ করি। কিন্তু, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের প্রশ্নে তাদেরকে আমাদের অনুকরণ করার প্রয়োজন নেই।’
নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এ হামলা মানবতার ইতিহাসের এক কলঙ্কজনক দিন। দুটো মসজিদে পাখি শিকারের মতো যেভাবে মানুষ হত্যা করেছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক।’
ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সমধিকার নিশ্চিত অপরিহার্য শর্ত এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘প্রত্যেক পাড়া-মহল্লায় সবাইকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আপনারা অনেকদিন ধরেই দেশের জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন, কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে তার প্রতিবাদ করছেন, সোচ্চার ভূমিকা পালন করছেন যা অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই আপনারা সরকারের কোনও কাজ পছন্দ না হলে তার সমালোচনা করবেন, সরকারকে পরামর্শ দেবেন। তবে, লক্ষ্য রাখতে হবে সমালোচনা যেন অবশ্যই গঠনমূলক হয়।’
বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি প্রকৌশলী কাজী রেজাউল মোস্তফার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি, নাইমুর রহমান দুর্জয় এমপিসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতারা।