বাংলাদেশের মেরিটাইম সেক্টরে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
বুধবার (২০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান আর্ল আর মিলার। এ সময় খালিদ মাহমুদ চৌধুরী এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া, খালিদ মাহমুদ চৌধুরী ও আর্ল আর মিলার দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ও নিরাপত্তার বিষয়টি উঠে আসে। একইসঙ্গে মোংলা বন্দর, পায়রা বন্দর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম নিয়েও তারা আলোচনা করেন।
খালিদ মাহমুদ চৌধুরী বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং মন্ত্রণালয়ের স্মারক শুভেচ্ছা উপহার হিসেবে মার্কিন রাষ্ট্রদূতকে দেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।