প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সঞ্জয় দত্তের সাক্ষাৎ শেষে ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘সঞ্জয় দত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ সফরে আসা ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দলের বেশ কিছু আলোকচিত্র হস্তান্তর করেন।’
প্রেস সচিব জানান, সেই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকার, সঞ্জয় দত্তের বাবা প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ সুনীল দত্ত, বিশিষ্ট অভিনেত্রী ওয়াহিদা রেহমান এবং সঞ্জয় দত্ত নিজেও ছিলেন।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের দ্ব্যর্থহীন সমর্থনের কথা স্মরণ করেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ সময় উপস্থিত ছিলেন। বাসস