সেই ভিভিআইপি-দের ভিড়েও নজর এড়ায়নি সোহেল মাহমুদের উপস্থিতি। তার পরিচয়, তিনি ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার। গত এক বছরেরও কিছু বেশি সময় ধরে মাহমুদ ওই পদে রয়েছেন। খুব শিগগিরই তিনি পাকিস্তানের পররাষ্ট্র সচিব বা সে দেশের শীর্ষ কূটনীতিবিদের দায়িত্ব পাচ্ছেন, এই জল্পনাও প্রবল।
২৬ মার্চ সোহেল মাহমুদ যেভাবে তার মিশনের বিশাল প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে এসেছিলেন, তাতে অনেকেই অবাক হয়েছেন।
এমনিতে দিল্লিতে পাকিস্তানি কূটনীতিবিদরা যে বাংলাদেশের স্বাধীনতা দিবসের আমন্ত্রণ এড়িয়ে চলেন, বিষয়টা অবশ্য তেমনও নয়। যদিও পাকিস্তান ভেঙে বাংলাদেশের স্বাধীনতা লাভের প্রশ্নটি পাকিস্তানের কাছে আজও একটি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু, তার পরেও তাদের কোনও না কোনও প্রতিনিধি সাধারণত বাংলাদেশের আমন্ত্রণ রক্ষা করতে এসে থাকেন।
সেটাকে হয়তো প্রতীকী উপস্থিতিই বলা চলে, কিন্তু দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাকিস্তান পুরোপুরি অনুপস্থিত থাকছে, এমনটাও কখনও হয়নি বললেই চলে।
কিন্তু পুরো বিষয়টাকে এবার একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন বর্তমান হাই কমিশনার সোহেল মাহমুদ। দূতাবাসে তার ডেপুটি, পলিটিক্যাল মিনিস্টার, কাউন্সেলর, ফার্স্ট সেক্রেটারিসহ প্রায় ১০-১২ জনের এক বিশাল দল নিয়ে তিনি যখন আমন্ত্রণ রক্ষা করতে আসেন, উপস্থিত অতিথি ভারতীয়রাও রীতিমতো চমকে গিয়েছিলেন।
প্রায় মিনিট চল্লিশ ধরে অনুষ্ঠানে যাবতীয় মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন তিনিই। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের রেশ এখনও মেটেনি, তার মধ্যেই পাকিস্তানি রাষ্ট্রদূতকে হাতের কাছে পেয়ে ছেঁকে ধরেছিলেন উপস্থিত ভারতীয় সাংবাদিকরাও।
কিন্তু এরপর যে অনুরোধটা তিনি করে বসেন, তার জন্য বাংলাদেশের কূটনীতিবিদরাও একেবারেই প্রস্তুত ছিলেন না।
হাই কমিশনার সোহেল মাহমুদ বলেন, ‘আর ভালো কথা, আমি শুনেছি— আজ আপনারা অতিথিদের আপ্যায়ন করছেন ঢাকার ফখরুদ্দিনের বিখ্যাত বিরিয়ানি দিয়ে।’
‘আজকের অনুষ্ঠানে আমার স্ত্রীর আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় উনি আসতে পারেননি। যদি উনার জন্য অল্প বিরিয়ানি প্যাক করে দেওয়া যায়, তাহলে খুব ভালো হয়!’
বাংলাদেশের আতিথেয়তা জগদ্বিখ্যাত– দিল্লিতে বাংলাদেশ দূতাবাসেরও এ ব্যাপারে খুব সুনাম। পাকিস্তানি অতিথির এই আবদারও যথারীতি তারা সঙ্গে সঙ্গে মিটিয়েছেন হাসিমুখেই। রাষ্ট্রদূত চেয়েছিলেন ‘অল্প একটু’, কিন্তু বাংলাদেশ তার পরিবারের জন্য ‘পার্সেল’ করে দিয়েছে বিরিয়ানি-কাবাব-কোর্মার এক বিশাল বাক্স!
তবে পরিমাণটা অবশ্যই তুচ্ছ বিষয়, কিন্তু এই ‘বিরিয়ানি কূটনীতি’র মধ্যে দিয়ে দিল্লিতে পাকিস্তানি রাষ্ট্রদূত যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন একটা বন্ধুত্বের বার্তা দিতে চেয়েছেন, তাতে কোনও সংশয় নেই।
সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনও বিরোধের বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান স্পষ্টতই ভারতের দিকে ঝুঁকে থেকেছে। তা সার্ক বয়কট করাই হোক, কিংবা পুলওয়ামাতে জঙ্গি হামলার নিন্দা, বাংলাদেশ সব সময়ই বলিষ্ঠভাবে ভারতের পাশে থাকার কথা ঘোষণা করেছে।
এই পটভূমিতে স্ত্রীর জন্য ঢাকার ফখরুদ্দিনের বিরিয়ানি চেয়ে নিয়ে সোহেল মাহমুদ পাকিস্তান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে একটা সহজ, স্বাভাবিক বন্ধুত্বের ছোঁয়া আনতে চেয়েছেন বলেই অনেকে মনে করছেন।
দিল্লিতে বাংলাদেশের দূতাবাসও গত চার-পাঁচ বছর ধরে ফখরুদ্দিন বিরিয়ানির বর্তমান প্রজন্মের কর্ণধারদের উড়িয়ে এনে ভারতীয়দের রসনাতৃপ্তি করাচ্ছেন, দিল্লির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন ঢাকার ওই বিখ্যাত কাচ্চি বিরিয়ানির।
কিন্তু পাকিস্তান সেই বিরিয়ানিকেই যে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক মেরামতের কাজে ব্যবহার করতে চাইবে,তা কে ভাবতে পেরেছিল?