এফআর টাওয়ারে আগুনে হতাহতের সংখ্যা ১২৯ জন: স্বাস্থ্য অধিদফতর

এফ আর টাওয়ারে আগুনবনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় হতাহতের সংখ্যা ১২৯ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের দেওয়া তথ্যানুযায়ী, শুক্রবার (২৯ মার্চ) বিকাল পর্যন্ত ১২৯ জন হতাহতের খবর পাওয়া যায়। এরমধ্যে ২৫ জন নিহত এবং ৪২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়েশা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ দুপুর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৪২ জন। এদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে ছয়জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চারজন, সিএমএইচ-এ চারজন, ইউনাইটেড হাসপাতালে ১৫ জন, অ্যাপোলো হাসপাতালে ছয়জন, শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল দুইজন, সিটি হাসপাতালে একজন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন ভর্তি আছেন।

তবে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চারজন ভর্তি থাকা ব্যক্তিদের দুজনকে বিকালে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল বেলায়েত হোসেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১-তলা বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।