জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।
বুধবার (৩ এপ্রিল) পার্লামেন্ট মেম্বারস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৫ সদস্য নিয়ে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- সহসভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, ইকবালুর রহিম, সাগুফতা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামশুল হক চৌধুরী, মাহবুব আরা গিনি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, কাজী নাবিল আহমেদ ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার এনামুল হক। এছাড়া সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাসহ কমিটিতে ২৫জন সদস্য রয়েছেন।
এই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান উপদেষ্টা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
কমিটি আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করবে।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার।