মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টাকারীদের বিচার হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিফেনীতে মাদ্রাসাছাত্রীকে যারা পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে তাদের বিচার করা হবে বলে স্বজনদের আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (৭ এপ্রিল) রাত সায়ো ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত জাহানকে দেখতে যান তিনি। এ সময় ওই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেন এবং স্বজনদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল ছাড়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘ ওই শিক্ষার্থীরা অবস্থা আশঙ্কাজনক।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যথাযথ তদন্ত করে দোষীদের বিচার করা হবে।’
প্রসঙ্গত, গত ২৭ মার্চ সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীকে যৌন হয়রানির চেষ্টা করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ সিরাজ উদদৌলাহ এমন অভিযোগ এনে ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অধ্যক্ষকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এরপর গত ৬ এপ্রিল পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র দেওয়ার আগ মুহূর্তে ওই মাদ্রাসাছাত্রীকে কৌশলে ছাদে ডেকে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে কয়েকজন দুর্বৃত্ত। নৈশপ্রহরী ও মাদ্রাসার শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়। ওই ছাত্রীর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।