গরিব মানুষের জমি অহেতুক অধিগ্রহণ নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) সরকারের প্রকল্প বাস্তবায়নের জন্য গরিব মানুষের জমি অহেতুক অধিগ্রহণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যদি করতেই হয়, তাহলে যেন তাদের পুনর্বাসন করে সেই জমির বেশি দাম দেওয়া হয়।’

মঙ্গলবার (৯ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যাদের গ্রামাঞ্চলে পদায়ন করা হবে, তাদের গ্রামেই থাকতে হবে। এজন্য এখন থেকে গ্রামে যেসব ভবন তৈরি হবে, সেগুলো যেন খোলামেলা হয়, যেন দর্শনার্থীরা সহজেই হাঁটাচলা করতে পারেন এমন পরিবেশ তৈরি করতে হবে। এছাড়া যেসব পুকুর রয়েছে, সেগুলো কোনোভাবেই ভরাট করা যাবে না।’ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রামে ধরে রাখার উপযোগী পরিবেশ তৈরির জন্যও সংশ্লিষ্টদের পরামর্শ দেন তিনি।

একনেক সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনমন্ত্রী এম এ মান্নান। তিনি জানিয়েছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেন মাঠ পর্যায় থাকেন, তার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

পরিকল্পনা মন্ত্রী আরও জানান, ‘সরকারি কর্মকর্তারা গ্রামে থাকতে চান না। কারণ, তাদের পরিবার থাকে ঢাকায়। গ্রামে চাকরি করতে গেলেও তাদের মন পড়ে থাকে ঢাকায় পরিবারের কাছে। ফলে জনগণকে সঠিক সেবা দিতে পারেন না তারা।’