সব ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে অর্থনীতি চালানো যাবে না: অর্থমন্ত্রী





30433সারাবিশ্বেই ঋণখেলাপিদের মাফ করে দেওয়ার ব্যবস্থা আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘সব ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে দিয়ে দেশের অর্থনীতি চালানো যাবে না। তবে আবার সবাইকে মাফও করা যাবে না। যারা ইচ্ছেকৃতভাবে খেলাপি হয় যায় তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, কঠোর অবস্থানে যেতে হবে।’
রবিবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সারাবিশ্বেই ঋণখেলাপিদের মাফ করে দেওয়ার ব্যবস্থা আছে। দেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন কার্যকর ছিল না। আইনগুলো কার্যকর করে আইনি প্রক্রিয়ায় সহনীয় পরিস্থিতি তৈরি করে মাফ করার ব্যবস্থা করা হবে। তবে সবাইকে মাফ করা হবে না।’
তিনি বলেন, ‘নন-পারফর্মিং লোনের পরিমাণ বেড়ে গেলে অর্থনীতি গতিশীলতা থেকে বিচ্যুত হবে। সব কিছু বিবেচনায় নিয়ে সুদের হার কমানো হবে। সুদের হার কমানো না গেলে নন-পারফর্মিং লোন কমবে না।’
অর্থমন্ত্রী বলেন, ‘নন-পারফর্মিং লোন তখনই বেড়ে যায়, যখন লোন নিয়ে তারা পরিশোধ করতে পারেন না। নন-পারফর্মিং লোন হওয়ার কারণে সুদের হার অনেক বেশি। যখন ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্প-কারখানা ঋণ পরিশোধ করতে পারে না, তখন তারা সঙ্গত কারণেই খেলাপি হয়ে যায়।’