ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি, দেশে ফেরার দিন ঠিক হয়নি

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দেশে ফেরার দিন এখনও নির্ধারণ করা হয়নি। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

রবিবার (২৮ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেশে ফেরা নিয়ে এখনও আলোচনা হয়নি। চিকিৎসকদের সঙ্গেও কথা হয়নি। তিনি ফলোআপ চিকিৎসায় আছেন। মন্ত্রী স্বাভাবিক হয়ে উঠছেন।’

এদিকে রবিবার সকালে ওবায়দুল কাদেরের হেঁটে বেড়ানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ওবায়দুল কাদের স্বাভাবিক অবস্থায় চলাফেরা করছেন।

প্রসঙ্গত, ৩ মার্চ সকালে হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুল কাদের। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসকদের পরামর্শে পরদিন (৪ মার্চ) তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২০ মার্চ তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়। পরবর্তীতে হাসপাতাল ছাড়লেও তিনি ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরেই রয়েছেন।