ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় উপকূলবর্তী সব জেলার স্কুল কাম সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৃহস্পতিবার (২ মে) বিকালে এ নির্দেশ দেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলে ২৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন কাম সাইক্লোন শেল্টার নির্মাণ সম্পন্ন হয়েছে। এরমধ্যে রয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসা। শিক্ষা প্রকৌশল অধিদফতর এসব ভবন নির্মাণ শেষ করেছে ২০১৮ সালে।
আবহাওয়া বিভাগ জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়া বিভাগের বিশেষ বুলেটিনে জানানো হয়, ফণী বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।