মুক্তিযোদ্ধা চাকরিজীবীদের অবসরের বয়সসীমা ৬১ বছর করার বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির সভাপতি এইচ এন আশিফুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ.স.ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পনির উদ্দিন আহমেদ এবং ফেরদৌসী ইসলাম অংশগ্রহণ করেন।
বৈঠকে সরকারি কর্মচারী নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অন্য দেশে কী ধরনের পদ্ধতি প্রচলিত আছে তা পর্যালোচনা করে একটি প্রতিবেদন দিতে সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া, সুশাসন নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত মূল্যায়ন পদ্ধতি ও ক্যারিয়ার প্ল্যানিং আরও আধুনিক ও সময়োপযোগী করতে কমিটি সুপারিশ করে।
বাংলাদেশ সচিবালয়ের মতো সরকারের অন্য দফতরের প্রধান সহকারী, সহকারী, উচ্চমান সহকারী ও সমপদগুলোর পদবি পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করাসহ বেতন ১০ম গ্রেডে উন্নীত করার সুপারিশ করা হয়।