মানববন্ধনে বাংলাদেশ কমিউনিস্ট পাটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দেশে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। ধর্ষণ, হত্যা অহরহ ঘটছে। এটা কোনোভাবেই সভ্য সমাজের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। নুসরাত হত্যার ঘটনাও কোনও বিচ্ছিন্ন ঘটনা ছিল না। রাষ্ট্রের প্রত্যেকটি স্তর এখন পঁচে গেছে।’ এ ধরনের প্রত্যেকটি ঘটনার বিচার দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ‘অর্থবিত্ত থাকলে আপনি সবকিছু ভোগ করতে পারেন। এটা এমন সমাজ যেখানে সব কিছুকে পণ্যে পরিণত করা হয়েছে। তাই সমাজে ধর্ষণের ঘটনা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। কোনও বিচার হচ্ছে না।’
প্রকাশক রবিন আহসানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদাউস আহমেদ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সাধারণ সম্পাদক অনিক রায় প্রমুখ।