জঙ্গি ও ধর্ষণকারীরা রাষ্ট্রবি‌রোধী: ইনু

মানববন্ধনে হাসানুল হক ইনুজঙ্গি ও ধর্ষণকারীদের রাষ্ট্রবি‌রোধী বলে অভিহিত ক‌রেছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন,  ‘জঙ্গিদের ধ্বংস করতে যেমন পদ‌ক্ষেপ নেওয়া হ‌য়ে‌ছে, তেমনি ধর্ষণকারী‌দের বি‌রু‌দ্ধেও নেওয়া হোক।’

মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত নারী শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা ব‌লেন।

ইনু ব‌লেন,‘প্রতিদিন পত্রিকায় নারী নির্যাতন, ধর্ষণের খবর দেখা যায়। এই নির্যাতন ও ধর্ষণকারীদের কেউ কেউ গ্রেফতার হচ্ছে, কেউ কেউ হচ্ছে না। আবার যারা গ্রেফতার হচ্ছে তাদের বিচার হচ্ছে কিনা তার কোন খবর দেশের জনগণ বা আমরা পাই না।’

তিনি বলেন, ‘সরকার চাইলে সব সমস্যার সমাধান করতে পারে। বিচার করতে পারে। যেমন একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার ক‌রে‌ছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার রাষ্ট্র করতে পেরেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্য করতে পেরেছে। তাহলে ধর্ষণকারী‌দের বিচার রাষ্ট্র কেন করতে পারবে না? রাষ্ট্র চাইলে তা করতে পারবে।’

ইনু বলেন, বর্তমানে বাংলাদেশে নারী ধর্ষণের যে উৎপাত শুরু হয়েছে। এ উৎপাত অমানবিক, রাষ্ট্রবিরোধী। এই ধর্ষণকারীদের রাষ্ট্রবিরোধী ঘোষণা করে শাস্তির আওতায় আনার হোক।

এসময় তিনি পুলিশ প্রশাসন যারা নারী ধর্ষণ কারী‌দের সহায়তা করে তাদেরকে বদলি না করে সরাসরি জেলে পাঠানোর সরকা‌রের প্রতি আহ্বান জানান।

আ‌য়োজক সংগঠ‌নের মহানগর সমন্বয়ক নরুল আকতারের সভাপ‌তি‌ত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন,জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সহ-সভাপ‌তি শ‌হিদুল ইসলাম প্রমুখ।