আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির বাকোয়াজ জনগণ বিশ্বাস করে না।’ রাষ্ট্রের প্রতিটি অঙ্গে সরকার হস্তক্ষেপ করছে— বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্যের জবাবে মন্ত্রী একথা বলেন।
শুক্রবার (২১ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রাখছিলেন। সেখানে আমীর খসরু মাহমুদের অভিযোগের বিষয়ে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে কসবা উপজেলা সমিতি।
আনিসুল হক বলেন, ‘বিএনপি বাকোয়াজ করতে ভালোবাসে, তাই বাকোয়াজ করছে। দেশে যখন সব বিচার সম্পন্ন হচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তখন তারা বলছে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই সরকারের আমলে সব প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে। সরকার খালেদার মামলায় হস্তক্ষেপ করছে না। তাদের বাকোয়াজ করতে দিন। তাদের কথা জনগণ বিশ্বাস করে না।’
সমিতির সভাপতি প্রকৌশলী কবীর আহমেদ ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া।