বায়ুদূষণ রোধে সরকারের কোনও পদক্ষেপ নেই: সৈয়দ আবুল মকসুদ





সেমিনারদেশের পরিবেশ রক্ষার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘কারা বায়ুদূষণ করছেন, তাদের পরিচয় সরকারের জানা। সব জানার পরও দেশের বায়ুদূষণ রোধে সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না।’ শনিবার (২২ জুন) আগারগাঁওয়ের পরিবেশ অধিদফতর মিলনায়তনে ‘বায়ুদূষণ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমরা জন-প্রতিনিধি নির্বাচিত করি আমাদের সুখ-দুঃখ দেখা ও বোঝার জন্য। কিন্তু, আজ পর্যন্ত কোনও জন-প্রতিনিধি তার নির্বাচনি এলাকার জনগণের সঙ্গে পরিবেশের সমস্যা নিয়ে কথা বলেছেন বলে আমার মনে হয় না। বায়ুদূষণের ফলে এমন অবস্থা দাঁড়িয়েছে যে, সুস্থভাবে বেঁচে থাকাই অনিশ্চিত হয়ে পড়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে, আগামী ৫০ বছর পর ঢাকায় মানুষ বাঁচবে কিনা, সে ব্যাপারে সন্দেহ আছে। বায়ুদূষণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক রফিক আহাম্মদ, উন্নয়ন ধারা ট্রাস্ট-এর প্রধান নির্বাহী আমিনুর রসুল বাবুল, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস প্রমুখ।