বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধে আজ থেকে অভিযান: তথ্যমন্ত্রী




ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)বাংলাদেশে দেখানো বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চলবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচারণা বন্ধে আজ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হবে।’ সোমবার (১ জুলাই) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার করছিল জাদু মিডিয়া ও নেশন ওয়াইড নামের দু’টি প্রতিষ্ঠান। এ দু’টি প্রতিষ্ঠানকে বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়সীমা শেষে তাদের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। সেই আল্টিমেটামের সময় গতকাল (৩০ জুন) শেষ হয়েছে। সে কারণেই আজ থেকে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালিত হবে।’

অভিযান পরিচালনার এই উদ্যোগ বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণমাধ্যমের স্বার্থে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।