শ্রীপুরে আগুনে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পাবে এক লাখ টাকা

মন্নুজান সুফিয়ানগাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বৃহস্পতিবার (৪ জুলাই) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সহায়তার বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কেএম আলী আজম বলেন, ‘একজন শ্রমিকের মৃত্যু, এটি অপূরণীয় ক্ষতি। দুর্ঘটনায় নিহত-আহতদের পাশে শ্রম মন্ত্রণালয় আছে, থাকবে সব সময়।’

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের গাজিপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাপরিদর্শক ইউসুফ হোসেন জানান, ইতোমধ্যে নিহত শ্রমিকদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরে অটো স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে ছয় জন শ্রমিক নিহত হন। অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় এক হাজার দুইশ শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পরপরই ফায়ার এলার্ম বেজে উঠলে, শ্রমিকরা বেরিয়ে আসেন। তবে ছয় শ্রমিক আটকা পড়েন।