আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ১০ মিনিট থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘সিএমএইচের (সম্মিলিত সামরিক হাসপাতাল) চিকিৎসকরা সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালের চিকিৎসকদের কাছে এরশাদের সব রিপোর্ট মেইল করেছেন। কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসকরা এমন শারীরিক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে পল্লীবন্ধুকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তাবে সমর্থন দেননি।’
বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘এরশাদের ফুসফুসের সংক্রমণ কমলেও শ্বাস কষ্ট হচ্ছিল। আবার কিডনি কিছুটা কাজ করলেও তার শরীর থেকে বর্জ্য বের হচ্ছিল না। তাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’
এসময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর কোনও তথ্যে দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানাচ্ছি। পল্লীবন্ধুর রোগমুক্তি এবং সুস্থতার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’
এসময় আরও উপস্থিত ছিলেন– প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মো. আজম খান, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।