নির্বিঘ্নে চলাচল করছে হজ ফ্লাইট

হজ ফ্লাইট, ফাইল ছবি বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরবে গত দুই দিনে ৭১৫৬ জন পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার ১৬৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৫৪৯১ জন গেছেন। ২১টি ফ্লাইটে নির্বিঘ্নে তারা সৌদি আরব পৌঁছেছেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স।

সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে, হজযাত্রী পরিবহনে ৬ জুলাই রাত ২টা পযর্ন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১টি ও সৌদি এয়ারলাইন্স ১০টি ফ্লাইটে পরিচালনা করেছে। চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৫৯৮টি হজ এজেন্সির হজ কার্যক্রম পরিচালনা করছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রীর সৌদি আরব যাবেন। ৪ জুলাই হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত সৌদি আরবে পৌঁছে দিতে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স। হজ শেষে দেশে ফেরাতে ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যযন্ত।

হজ অফিসের পরিচালক সাইফুল হক বলেন, ‘এখন পর্যন্ত নির্বিঘ্নে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে। হজ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।’