চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে ফের আন্দোলন

আন্দোলনরত শিক্ষার্থীরাসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনের মুখপাত্র ইমতিয়াজ হোসেন। তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পরপর তিনবার সুপারিশের পরও কেন সরকার এটিকে উপেক্ষা করে যাচ্ছেন, তা আমাদের কাছে বোধগম্য নয়। যে সরকার জনগণের পক্ষেই কাজ করেন বলে দাবি করে,তাহলে সে সরকার আমাদের এই ২৮ লাখ তরুণ ছাত্র সমাজের গণদাবি কেন অবহেলা করছেন?’ দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত চালিয়ে যাবেন বলে জানান তিনি। 

আন্দোলনের আরেক নেতা এম এ আলী বলেন, ‘আমরা৭ বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছি। আর কালক্ষেপণ না করে দ্রুত সময়ে এটি বাস্তবায়ন করে আমাদের বাঁচার সুযোগ করে দিন।’

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা বিভিন্ন সময় এই আন্দোলন চালিয়ে আসছেন।