শিগগিরই সংবাদপত্রের নবম ওয়েজবোর্ড, সংসদে তথ্যমন্ত্রী





তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদশিগগিরই সংবাদপত্রের নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হবে বলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতীয় সংসদকে জানিয়েছেন। রবিবার (৭ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। তথ্যমন্ত্রীর অনুপস্থিতিতে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।
সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সংবদপত্রের নবম মজুরি বোর্ড ইতোমধ্যে রিপোর্ট দিয়েছে। রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে ৭ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটি সব অংশীজনের সঙ্গে সভা করেছে। অচিরেই নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ঘোষণা করা হবে।
ভোলা-২ আসনের আলী আজমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকাসহ সারাদেশে নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৩ হাজার ১২৮টি।