বৃহস্পতিবার (১১ জুলাই) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল ২০১৯’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষানিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলটি সংশোধনীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি এবং মাতৃভাষাশ্রয়ী শিক্ষাব্যবস্থা প্রচলনকে উৎসাহ দানের প্রেক্ষাপটে ইনস্টিটিউট ২০১৬ সালে ইাউনেসকো ক্যাটাগরি-২ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। ২০১৬ সালের ১২ জানুয়ারি ইউনেসকো ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তিও হয়। চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিটিউটের পরিচালনা বোর্ডের সদস্য সচিব হবেন ইনস্টিটিউটের পরিচালক। কিন্তু বিদ্যমান আইনে ইনস্টিটিটিউটের প্রধান এবং পরিচালনা বোর্ডের সদস্য সচিব হচ্ছেন ইনস্টিটিটিউটের মহাপরিচালক। এছাড়া ইউনেসকো সঙ্গে সই হওয়া চুক্তিতে পরিচালনা বোর্ডের গঠন কাঠামোর মধ্যেও ভিন্নতা রয়েছে।