‘মশক নিধন ওষুধ অকার্যকর, পাশের দেশ থেকে সংগ্রহের চেষ্টা চলছে’

ওবায়দুল কাদেরদেশের ডেঙ্গু পরিস্থিতিকে ভয়াবহ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের তথ্যমতে, মশক নিধনের ওষুধ অকার্যকর বিধায় জরুরি ভিত্তিতে পাশের দেশ থেকে হলেও ওষুধ সংগ্রহের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।’

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দুই সিটি করপোরেশনের মেয়রকে জনসচেতনতা বাড়াতে মিডিয়াসহ সবার সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। উনি শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি বিবেচনা করবেন। তাই শিক্ষার্থীদের প্রতি অনুরোধ তারা যেন রাস্তা অবরোধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে।’

মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রীর স্বামী এই মুহূর্তে অসুস্থ থাকায় উনি সময় দিতে পারছেন না। তবে দুই-একদিনের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে তিনি এই বিষয়ে বৈঠক করে সমাধানের চেষ্টা করবেন বলে জানান।