বন্যার্ত মানুষের সার্বিক সহযোগিতায় সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি আয়োজিত বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘প্রবল বন্যায় উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাটসহ বেশ কিছু জেলার মানুষ দুর্দশার মধ্যে দিনাতিপাত করছেন। অধিকাংশ এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে। সরকার যথেষ্ট ত্রাণ সামগ্রী বিতরণ করছে। কিন্তু এর পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা উচিত। আমরা সবাই বানভাসি অসহায় মানুষগুলোর প্রতি একটু মানবিক হলে এই আপদকালীন সময়ে তারা খেয়েপরে বেঁচে থাকতে পারবে।’
রেলমন্ত্রী আরও বলেন, ‘উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা প্রতিবছরই বন্যায় আক্রান্ত হয়। এবারও হয়েছে। আমরা পত্র-পত্রিকা ও টেলিভিশনে দেখেছি, সেখানকার মানুষের করুণ অবস্থা। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের কয়েকটি টিম বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করছে। প্রধানমন্ত্রী বিদেশে অবস্থান করলেও বন্যার্তদের সার্বিক খোঁজখবর নিচ্ছেন। সমাজের সব স্তরের মানুষকেও তিনি বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।’
মানবিক এই উদ্যোগকে অনুকরণ ও অনুসরণ করতে সামর্থ্যবান ব্যক্তিদের অনুরোধ জানিয়ে প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, ‘যারা আজকে জলে ভাসছেন, জলে ডুবছেন, খাদ্য চিকিৎসা পাচ্ছেন না, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। আসুন, মানবিক দিক বিবেচনা করে সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াই। যতক্ষণ পর্যন্ত আমরা এই কাজটি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ হতে পারি না। এই মুহূর্তে আমাদের ভালো মানুষ এবং ভালো নাগরিক হওয়া খুবই প্রয়োজন।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল বলেন, ‘বন্যায় মানুষ বড় কষ্টে আছে। তাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। বন্যাপীড়িত মানুষদের কী যে কষ্ট, তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তাই আসুন, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সাহায্য ও সহযোগিতা করি।’
এসময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইলিয়াস হোসেন, ঢাকায় রংপুর বিভাগ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ চৌধুরী, সহ-সভাপতি এম জে ইসলাম, সিনিয়র সাংবাদিক অমিয় ঘটক পুলক, নজমুল হক সরকার, মশিউর রহমান, গাউসুল আজম বিপু, মেহেদী হাসান, মোকছুদার রহমান, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ উন নবী প্রমুখ।