স্মার্ট প্রি-পেইড মিটারে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি কমবে বলে দাবি করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সভাপতি এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে আইইবির তড়িৎ কৌশল বিভাগের উদ্যোগে আইইবির কাউন্সিল হলে ‘টেকনোলজি অ্যান্ড সিস্টেম ওভারভিউ অব স্মার্ট মিটার ইন অ্যাডভান্স মিটারিং ইনফ্রাস্ট্রাকচার (এএমআই)’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
আবদুস সবুর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে দেশের বিদ্যুৎ সেক্টরে অনেক পরিবর্তন এনেছে। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে ২২ হাজার ৫১ মেগাওয়াট। আগামী ২০৪১ সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০ হাজার মেগাওয়াট। বিদ্যুৎ সাশ্রয়, রাজস্ব আদায় ও গ্রাহক হয়রানি রোধসহ বিদ্যুতের যেন সঠিক ব্যবহার হয়, সে লক্ষ্যে সরকারের নতুন পদক্ষেপ—স্মার্ট প্রি-পেইড মিটারিং সিস্টেম। আর এই স্মার্ট প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি অনেক কমবে।’
আইইবির সভাপতি বলেন, ‘বর্তমানে যেসব প্রি-পেইড মিটার রয়েছে, সেগুলোয় বিভিন্ন সুবিধা থাকলেও পরিচালনার ক্ষেত্রে গ্রাহককে বেশ অসুবিধায় পড়তে হয়। বর্তমান প্রি-পেইড মিটারে বিভিন্ন মাধ্যমে ভেন্ডিং (মিটারে টাকা রিচার্জ সেন্টার) সুবিধা না থাকার কারণে ভেন্ডিংয়ের জন্য গ্রাহককে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে গ্রাহককে প্রি-পেইড মিটার রিচার্জ করার জন্য অনেক সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ঘরে বসে প্রি-পেইড মিটার রিচার্জ করার কোনও সুযোগ নেই। অনেক সময় গ্রাহকের পক্ষে মিটারের স্ট্যাটাস দেখতেও সমস্যা হয়।’
আবদুস সবুর বলেন, ‘বর্তমান যুগে ভেন্ডিং (মিটারে টাকা রিচার্জ সেন্টার) সিস্টেমকে গ্রাহকের কাছে আরও সহজলভ্য করার জন্য স্মার্ট প্রি-পেইড মিটারিং সিস্টেম চালু করা প্রয়োজন। যার ফলে গ্রাহক তার মোবাইল অ্যাপ, এসএমএস, ইন্টারনেট, এটিএম ইত্যাদির মাধ্যমে ঘরে বসেই ভেন্ডিং করতে পারবেন। স্বয়ংক্রিয়ভাবে মিটারের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য স্মার্ট প্রি-পেইড মিটারিং সিস্টেম চালু করা প্রয়োজন। এ ছাড়া, ভবিষতে স্মার্ট গ্রিড চালু করতে হলেও স্মার্ট মিটারের প্রয়োজন হবে। তাই বারবার বিনিয়োগের চেয়ে এক্ষেত্রে একবার বিনিয়োগ করাই যুক্তিসংগত।’
সেমিনারে আইইবি তড়িৎ কৌশল বিভাগের সম্পাদক ও ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি এবং ডিপিডিসির নির্বাহী পরিচালক (প্রকৌশলী) প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহিদ সারওয়ার এবং ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। এতে স্বাগত বক্তব্য রাখেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিপিডিসির ডিজিএম (আইসিটি উন্নয়ন) মো. কামরুল আহসান। অনুষ্ঠানে আলোচক ছিলেন ডিপিডিসির প্রধান প্রকৌশলী (উন্নয়ন) প্রকৌশলী ডি.এস.এম ফেরদাউস।