খনিজ সম্পদ উত্তোলন ও বিতরণ ব্যবস্থাপনায় নজরদারি আরও বাড়াতে বলেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে কমিটি প্রচলিত খনিজ সম্পদের পাশাপাশি দেশে সম্ভাব্য অন্যান্য খনিজ সম্পদ উত্তোলনে গবেষণা ও অনুসন্ধান জোরদার করতে বলেছে।
রবিবার (২৮ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
এ বিষয়ে কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা গ্যাসসহ সকল খনিজ উত্তোলন এবং পেট্রোবাংলার কার্যক্রমসহ গোটা ব্যবস্থা একটি নজরদারি ও স্বচ্ছতার মধ্যে আনতে বলেছি। এছাড়া প্রচলিত খনিজ সম্পদের বাইরে সিলিকন, জিরকনসহ সম্ভাব্য যেসব খনিজ পদার্থ আছে তা উত্তোলনে গবেষণা ও অনুসন্ধান জোরদার করতে বলেছি।
বৈঠকে বাপেক্সকে আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আলী আজগার, এস, এম, জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর এবং মোছা. খালেদা খানম।