ডেঙ্গু নিয়ন্ত্রণে সব দফতরকে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ সংসদীয় কমিটির





ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সব দফতরকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি। এসব দফতর ও বিভাগকে দ্রুততার সঙ্গে সময়োচিত পদক্ষেপ নেওয়াসহ দক্ষতার সঙ্গে কাজ করার সুপারিশ করেছে কমিটি।
বুধবার (৩১ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বৈঠকে বিগত দশম সংসদের ১৪তম থেকে ২৩তম অধিবেশন এবং একাদশ জাতীয় সংসদের সদস্য সমাপ্ত অধিবেশন পর্যন্ত ফ্লোরে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে দেশের সব হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসা কেন্দ্রে ডাক্তার-নার্সদের উপস্থিতি এবং চিকিৎসা সেবার মান বাড়াতে মনিটরিং কার্যক্রম বেগবান ও সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিটি সুপারিশ করে।
বৈঠকে উল্লেখ করা হয়, স্বাস্থ্যসেবার মান উন্নত করতে স্বাস্থ্য অধিদফতরের মনিটরিং সেল প্রতিদিন সারাদেশের হাসপাতালসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিসহ সার্বিক কার্যক্রম মনিটরিং করছে। উপস্থিতি নিশ্চিত করার জন্য ইতোমধ্যে ৪৯১টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বায়োমেট্রিক উপস্থিতি সিস্টেম চালু করা হয়েছে এবং অন্যগুলোতেও এ কার্যক্রম চালুর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সেবার মান সম্পর্কে জানার জন্য সব হাসপাতালে অনলাইন কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু রয়েছে। এ সিস্টেমের মাধ্যমে যেকোনও অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা নিষ্পত্তি করা হচ্ছে।
কমিটির সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. দবিরুল ইসলাম, মো. মুজিবুল হক, মইনউদ্দীন খান বাদল, আব্দুল মান্নান, ফখরুল ইমাম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা অংশ নেন।