স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উন্নয়ন সুবিধা তৃণমূলে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার।
আজ বুধবার (৩১ জুলাই) পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত আশ্রয়ণ-২ প্রকল্পের ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদের গণ সংযোগ কর্মকর্তার পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিনের সভাপতিত্বে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুর রহমান রাঙ্গা, পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে স্পিকার পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতর ও পীরগঞ্জ উপজেলা প্রশাসন এর উদ্যোগে আয়োজিত ‘ফলদ বৃক্ষ মেলা-২০১৯’ এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বাংলাদেশ কৃষি সামগ্রী উৎপাদনে এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
স্পিকার বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমিয়ে দেশী ফল উৎপাদনে মনযোগী হতে সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
এছাড়াও এদিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন স্পিকার।