নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে: সাঈদ খোকন

মতবিনিময় সভায় সাঈদ খোকনঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘ঢাকার বাইরেও ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একমাস আগেও যেখানে মানুষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর ব্যাপারে সচেতন ছিল না। এখন সিটি করপোরেশনের প্রচেষ্টা ও জনগণের সচেতনতার কারণে নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি।’

বরিবার (৪ আগস্ট) নগর ভবনের মূল ফটকের সামনে ‘কোরবানির বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও মসজিদের ইমামদের মাঝে স্প্রে বিতরণ’ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ইমামদের উদ্দেশে সাঈদ খোকন বলেন, ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে মসজিদে দোয়া করবেন। পাশাপাশি খুৎবার সময় মুসল্লিদের সচেতনতা করবেন। এছাড়া কোরবানির ঈদের বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

মসজিদের ইমামদের মাঝে স্প্রে বিতরণ করা হচ্ছেতিনি বলেন, ‘এডিস মশার লার্ভা নষ্ট করতে আগে প্রতিদিন কমপক্ষে ৩০টি বাসায় আমাদের ইনসপেকশন টিম গেছে। আগামীকাল থেকে প্রতিদিন কমপক্ষে ৬০টি বাসা আমাদের টিম যাবে। ইতোমধ্যে ১৫ হাজার বাসায় লার্ভা ধ্বংস করা হয়েছে। এডিস মশা ধ্বংস করতে জনবল বাড়ানোর প্রক্রিয়াও চলছে।’

মেয়র বলেন,  ‘আমাদের সবাইকে লম্বা প্যান্ট, পায়জামা, মোজা পরে নিরাপদে থাকার চেষ্টা করতে হবে। আশা করা যায় সেপ্টেম্বরের পহেলা সপ্তাহের মধ্যে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে জানিয়ে মেয়র বলেন, ‘ব্লিচিং পাউডার কাউন্সিলরদের অফিসে পাঠানো হবে। আপনার সংগ্রহ করবেন। আমরা সবাই মিলে পরিস্থিতি মোকবিলা করতে চাই।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মসজিদের ইমাম-খতিব ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন প্রমুখ।