‘ধর্ষণকারীকেই প্রমাণ করতে হবে সে ধর্ষণ করেনি’




বাংলাদেশ মহিলা পরিষদের অবস্থান কর্মসূচিধর্ষণকারীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধসহ ১২টি দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির দাবি, ধর্ষণকারীকে প্রমাণ করতে হবে সে ধর্ষণ করেনি। রবিবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এই দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে উন্নয়নের চালিকাশক্তি হিসেবে নারীর অবদান আজ অনেকটাই দৃশ্যমান। প্রতিটি স্তরে নারী কাজ করছে উন্নয়নের বাহক হিসেবে। তারা আরও বলেন, শিশু থেকে নারী প্রত্যেকেই পরিবারে, চলার পথে, কর্মক্ষেত্রে, গণপরিবহনে, শিক্ষাঙ্গনে সহিংসতার শিকার হচ্ছে। আমরা অবস্থান কর্মসূচির মাধ্যমে নারী ও শিশুর প্রতি নির্যাতন ও ধর্ষণের ঘটনা প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।

এ সময় বক্তারা ১২টি দাবি জানান। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিচার দ্রুত শেষ করা, দোষীদের দ্রুত প্রচলিত আইনের আওতায় আনা, ধর্ষণের শিকার ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিত করা, ধর্ষণের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, লিগ্যাল এইড সম্পাদক সাহানা কবীর প্রমুখ।