হজযাত্রীদের মুখ বরাবর মশার ওষুধ ছিটানো সেই কর্মীকে বরখাস্ত

হজ ক্যাম্প (ছবি: ইন্টারনেট থেকে)

আশকোনা হজক্যাম্পে হাজযাত্রীদের মুখ বরাবর ওষুধ ছিটানো সেই মশকনিধন কর্মীকে বরখাস্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৫ আগস্ট) এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া ওই কর্মীর নাম মোহাম্মদ হুমায়ূন কবির।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আশকোনা হাজি ক্যাম্পে মশার ওষুধ ছিটানোর একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায় উত্তর সিটি করপোরেশনের একজন মশকনিধন কর্মী ক্যাম্পে শুয়ে ও বসে থাকা হাজিদের মুখের ওপর দিয়ে ফগিং করে যাচ্ছেন। এতে মুহূর্তেই চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন ও অন্ধকার হয়ে যায়। সেই ধোঁয়া গিয়ে পড়ে সেইসব হজযাত্রীদের মুখে। এ অবস্থা থেকে বাঁচতে হজযাত্রীরা কেউবা নাক মুখ ধরে রাখেন কেউবা সরে যেতে চেষ্টা করেন।

বিষয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নজরে আসলে হজযাত্রীদের মুখে মশার ওষুধ দেওয়ার অপরাধে মোহাম্মদ হুমায়ূন কবির নামে সেই মশককর্মীকে বরখাস্ত করা হয়েছে।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিএনসিসির মেয়র এই বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিক ওই মশক নিধনকর্মীকে বরখাস্তের সিদ্ধান্ত দেন।