দ্বিগুণ হচ্ছে যুব সংগঠনের অনুদান, বাড়ছে সংখ্যাও



যুব সংগঠনগুলোকে দেওয়া অনুদানের পরিমাণ দ্বিগুণ করছে সরকার। বাড়ানো হবে অনুদান পাওয়া সংগঠনের সংখ্যাও। বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের ৪১তম সভায় অনুদানের পরিমাণ ও সংগঠনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এতে সভাপতিত্ব করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে প্রতিবছর ৬০০টি যুব সংগঠনকে অনুদান দেওয়া হয়। এর মধ্যে প্রতি জেলায় একটি করে সর্বোচ্চ নম্বর পাওয়া যুব সংগঠনকে ২৫ হাজার টাকা করে এবং বাকি সংগঠনগুলোকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছর থেকে যুব সংগঠনগুলোকে দেওয়া অনুদানের পরিমাণ হবে ৫০ হাজার টাকা। আর ৬০০টি সংগঠনের পরিবর্তে ৬৬০টি সংগঠনকে অনুদান দেওয়া হবে।
সভায় অনুদানের পরিমাণ ৫ হাজার টাকা বা ৫০ হাজার টাকা বা ১ লাখ টাকা করার তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়। তখন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, অনুদান যেটা দেওয়া হয় তা আসলেই খুব কম। তবে আবার একবারে ১ লাখ করাটাও সঠিক হবে না। কারণ, সরকারের সক্ষমতার বিষয় আছে। পর্যায়ক্রমে অনুদানের পরিমাণ বাড়ানো হবে এবং সংগঠনের সংখ্যাও বাড়বে বলে জানান তিনি।
সভায় উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ৫০ হাজার টাকা করার বিষয়ে সম্মতি দেন।
যুব ও ক্রীড়া সচিব মো. জাফর উদ্দীন, যুগ্মসচিব আজিম উদ্দিন বিশ্বাস, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ফারুক আহমেদসহ বোর্ডের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।