শাহজালালে বিদ্যুৎ বিভ্রাট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। ডেসকোর মূল লাইনের সমস্যা দেখা দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন  এয়ারলাইন্সের  অফিসগুলো বিপত্তিতে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে বিদ্যুৎ চলে যায়। প্রায় ৪ মিনিট ধরে অন্ধকারে থাকে এয়ারলাইন্সগুলো অফিস। এতে চেক ইন কাউন্টারগুলোর কম্পিউটার বন্ধ হয়ে যায়। এখন বিকল্প ব্যবস্থায় কাজ চালানো হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান বলেন, ‘ডেসকোর মূল লাইনের সমস্যা দেখা দিয়েছে। বিকল্প লাইন সচল রয়েছে। এতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে কার্যক্রম চলছে।’

এ প্রসঙ্গে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক শাহিদ সরোয়ার বলেন, ‘আমাদের বিদ্যুৎ সরবরাহে কোনও সমস্যা নেই। আমার বিমানবন্দরের সাব-স্টেশন পর্যন্ত সংযোগ দেই, এরপর বিমানবন্দরের ব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহ হয়। যদি কোনও সমস্যা হয়, সেটা তাদের অভ্যন্তরীণ সমস্যা।’

এর আগে গত ৩ সেপ্টেম্বরেও বিদ্যুৎ বিভ্রাট ঘটে শাহজালাল বিমানবন্দরে।