দেশে ক্যানসার চিকিৎসা হলে বিদেশমুখিতা দূর হবে: মেনন

রাশেদ খান মেনন (ফাইল ছবি)ক্যানসার ও নিউরো চিকিৎসার মতো ব্যয়বহুল চিকিৎসা দেশে হলে দরিদ্র জনগোষ্ঠীর জন্য তা আশীর্বাদ বয়ে আনবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘এর মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখিতা দূর হবে।’ বুধবার ২৫ (সেপ্টেম্বর)সংসদ ভবনে ঢাকা মহানগর এলাকায় ক্যানসার স্পেশালাইজড হাসপাতাল ও ব্রেইন ফাউন্ডেশন স্পেশালাইজড হাসপাতাল কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রতিনিধি দল দেশে ক্রমবর্ধমান ক্যান্সার রোগীর  সংখ্যা বাড়ার কারণে তাৎক্ষণিক বিশেষায়িত চিকিৎসা দেওয়ার প্রয়োজনে প্রশিক্ষিত ডাক্তারদের সমন্বয়ে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ ও সব স্তরের মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করার ব্যাপারে রাশেদ খান মেননকে জানান।

বৈঠকে জানানো হয়, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি)-এর নিরীক্ষা অনুযায়ী, বাংলাদেশে ১৯৩০ সালের মধ্যে ক্যানসার রোগের কারণে মৃত্যুর হার ১৩ শতাংশ বাড়তে পারে। আশঙ্কা করা হচ্ছে, এই‌ সময়ের মধ্যে বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্য কোনও না কোনও ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মূলত ক্যানসার রোগের অ্যাকাডেমিক রিসার্চ ইনস্টিটিউট ও দেশের সাধারণ মানুষের কাছে জটিল ক্যানসার রোগের চিকিৎসা খরচ সহজলভ্য করার জন্য মহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ ক্যানসার রিসার্চ সেন্টার (বিসিআরসি)।

সভায় আরও জানানো হয়, বাংলাদেশে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত প্রতিষ্ঠান ‘ব্রেইন ফাউন্ডেশন’ দেশের সাধারণ মানুষের কাছে  স্নায়ু রোগের সময় সাপেক্ষ চিকিৎসা খরচ সহজলভ্য করার মহৎ উদ্দেশ্য নিয়ে একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার জন্য গঠিত হয়েছে।

এ সময় ঢাকা মেডিক্যাল কলেজের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক, স্থাপত্য অধিদফতরের সাবেক প্রধান স্থাপতি, শিক্ষা প্রকৌশল অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপকসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।