সিপিএ সম্মেলনে যোগ দিতে উগান্ডায় স্পিকার

স্পিকার শিরীন শারমিন চৌধুরী



কমনওয়েথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) সম্মেলনে যোগ দিতে উগান্ডায় গেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উগান্ডার রাজধানী কাম্পালার এনতেবে বিমানবন্দরে পৌঁছালে দেশটির পার্লামেন্টের ফরেন এ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট জ্যাক ওমাঙ্গা ওয়ামাল তাকে স্বাগত জানান। একই সম্মেলনে যোগ দিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ওই বিমানবন্দরে পৌঁছালে শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কুশল বিনিময় হয়। এ সময় কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার উপস্থিত ছিলেন।

সিপিএর সাবেক চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধি দল ৬দিন ব্যাপী ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নিচ্ছেন। বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যরা হচ্ছেন হুইপ ইকবালুর রহিম, উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ, মো. আবু জাহির, মোহাম্মাদ নজরুল ইসলাম ও শিরীন আহমেদ।
উগান্ডা পার্লামেন্ট ও সিপিএ উগান্ডা ব্রাঞ্চ এ সম্মেলন আয়োজন করেছে। উগান্ডার রাজধানী কাম্পালায় ২২ সেপ্টেম্বর শুরু হওয়া এ কনফারেন্স ২৯ সেপ্টেম্বর শেষ হবে।
উল্লেখ্য, স্পিকার দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। তিনি কাজাখস্তানের আস্তানায় দুইদিনব্যাপী ইউরেশিয়ান দেশভুক্ত স্পিকারদের ৪র্থ সভা‘ সংলাপ ট্রাস্ট পার্টনারশিপ‘ শীর্ষক সম্মেলনে অংশ দেন। সেখান থেকেই তিনি উগান্ডায় গিয়েছেন।