দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয় নদী ও নারী: আবুল মকসুদ

মানববন্ধনে বক্তব্য রাখছেন লেখক সৈয়দ আবুল মকসুদনদী বাঁচানোর জন্য প্রশাসনকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘দেশে সবচেয়ে বেশি নির্যাতিত  হয় নদী ও নারী। নদী ও নারীর ওপর অত্যাচার অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।’ রবিবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিশ্ব নদী দিবস’ উপলক্ষে ‘বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, ‘প্রভাবশালী ও শিল্পপতিরা নদী দখল করে রাখেন। তাদের সার্বিক সহযোগিতা দেন সরকারের লোকেরা। তাদের লোভ-লালসার কারণে নদী দখল হয়ে যায়, ক্যাসিনোর মতো খেলা চলে। শুধু পরিবেশবাদীদের আন্দোলনে নদী বাঁচানো যাবে না।’ তিনি আরও বলেন, ‘দেশের নদী কমিশন ৪২ হাজার ৪২৩টি নদী দখলকারীর তালিকা করেছে। আমার মনে হয়, এই সংখ্যা ৫০ হাজারেরও বেশি। এখন এই তালিকায় ও তালিকার বাইরে যারা আছেন, সব দখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি মো. আনেয়ার সাদাত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন প্রমুখ।