স্পিকারের সঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (ফাইল ছবি)

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনে নবনিযুক্ত চেয়ারম্যান নাসিমা বেগম। বুধবার (২ অক্টোবর) বিকালে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সাক্ষাতের সময় তারা মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এসময় স্পিকার মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের সংবিধানে নাগরিকের অধিকার সংরক্ষণ করা হয়েছে। কাউকে বঞ্চিত করার কোনও সুযোগ নেই।

নারী ও শিশুসহ সকলের অধিকার সমুন্নত রাখতে জাতীয় মানবাধিকার কমিশনকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, নবনিযুক্ত কমিশনের সদস্যবৃন্দ কর্মজীবনের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। এ সময় তিনি কমিশনের দেওয়া প্রয়োজনীয় সুপারিশ সরকারকে উপকৃত করবে বলে উল্লেখ করেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম স্পিকারকে কমিশনের প্রথম বৈঠক সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি মানবাধিকার কমিশনকে শক্তিশালীকরণ, নিজস্ব কার্যালয় নির্মাণ ও আধুনিকায়ন, বাজেট বরাদ্দ ও জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ে স্পিকারের সহযোগিতা কামনা করলে  স্পিকার আশ্বাস দেন।

জাতীয় মানবাধিকার কমিশনে নবনিযুক্ত সদস্য ড. কামাল উদ্দীন আহমেদ, ড. নমিতা হালদার, জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান এবং চিংকিউ রোয়াজা এসময় উপস্থিত ছিলেন।