লঘুচাপ দুর্বল, আগামীকাল ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে

আবহাওয়া অধিদফতর ভবনসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে বৃষ্টি শুরু হলেও সেটি দুর্বল হয়ে পড়েছে। ফলে আগামীকাল রবিবার (২৭ অক্টোবর) ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়াও শুষ্ক থাকার কথাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে চট্টগ্রাম, সিলেট ও বরিশালে বৃষ্টি হতে পারে। এছাড়া আজ  রাতের জন্য নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেতই বজায় থাকবে বলে জানানো হয়। 

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত তিন দিন সাগরে সৃষ্ট লঘুচাপ এবং সঞ্চারনশীল মেঘমালার কারণে বৃষ্টি হয়েছে। সেই লঘুচাপ দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে আগামীকাল ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। তবে চট্টগ্রাম, সিলেট ও বরিশালের দিকে থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে।’

আবহাওয়া অফিস জানায়, উড়িষ্যা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, ঢাকা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ  সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ময়মনসিংহে ৮২ মিলিমিটার। এছাড়া ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে ৬৫ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ৮২, চট্টগ্রাম বিভাগের মধ্যে ফেনীতে ৩৬, সিলেটে ৭০, রাজশাহী বিভাগের মধ্যে তাড়াশে ৭০ মিলিমিটার, রংপুরের মধ্যে রাজারহাটে ৫, খুলনার মধ্যে কুমারখালীতে ৬১ ও বরিশালে ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।