ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের চিকিৎসা দেবে আনোয়ার খান মডার্ন হাসপাতাল

আতিকুল-ইসলামআনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল বিনামূল্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)-এর পরিচ্ছন্নতাকর্মীদের ক্যান্সার স্ক্রিনিং (লক্ষণ দেখে ক্যানসারের ধরন শনাক্তকরণ) করবে বলে জানিয়েছেন ডিএনসি মেয়র আতিকুল ইসলাম। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ফ্রি-ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতামূলক সমাপনী অনুষ্ঠানে তিনি  এ তথ্য জানান।

ডিএনসিসি ও হাসপাতালটির করপোরেট স্যোশাল রেসপন্সিবিলিটির (সিএসআর) উদ্যোগে এটি বাস্তবায়ন হবে।

বুধবার দুপুরে মিরপুর মাজার রোডের ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ সংক্রান্ত কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র। এই তিনি বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন আমাদের শহর পরিষ্কার রাখেন। তাদের স্বাস্থ্য ভালো থাকলে কাজেও মন থাকবে। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করতে ইন্সুরেন্স, চিকিৎসাসহ অন্যান্য মৌলিক চাহিদাপূরণে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. মঞ্জুর হোসেন, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. এহতেশামুল হক প্রমুখ।