‘গ্লোবাল সাপ্লাই চেইন’ নিয়ে আইএলওকে সংলাপ আয়োজনের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

 

মন্নুজান সুফিয়ান (ছবি: সংগৃহীত)‘গ্লোবাল সাপ্লাই চেইন’ তুলনামূলক নতুন ধারণা বলে উল্লেখ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, “আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-কে ‘গ্লোবাল সাপ্লাই চেইন’ সম্পর্কে স্বল্পোন্নত দেশগুলোর ত্রিপক্ষীয় অংশীজনের কাছে পরিষ্কার ধারণা দিতে সংলাপের আয়োজন করতে হবে।” মঙ্গলবার (৫ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় আইএলও’র গভর্নিং বডির ৩৩৭তম সভায় বিশ্বব্যাপী শোভন কর্মপরিবেশ বাস্তবায়নে মধ্যমেয়াদি প্রতিবেদন উপস্থাপন-বিষয়ক আলোচনায় তিনি এ কথা বলেন।


শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘গ্লোবাল সাপ্লাই চেইন এর স্তর, প্রবণতা, আন্তঃসম্পর্ক বিষয়ে সহজে বোধগম্য করতে তথ্য-উপাত্ত প্রস্তুত করতে হবে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।’
মন্নুজান সুফিয়ান বলেন, ‘শোভন কর্মপরিবেশ নিশ্চিতে এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গ্লোবাল সাপ্লাই চেইন ভূমিকা রাখবে।’ তিনি বলেন, ‘বিশ্বব্যাপী বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ, উৎপাদন এবং বাণিজ্যের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রোবাল সাপ্লাই চেইন ধারণাটিকে এগিয়ে নিতে আইএলওকে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।’ শোভন কর্মপরিবেশের উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বাংলাদেশের নারীর ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরেন। সম্প্রতি চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্লোবাল সাপ্লাই চেইনের সঙ্গে বাংলাদেশের একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশের কথাও এ সময় উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম শামীম আহসান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কেএম আলী আজম, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদফতরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।