ট্রুডোকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনা ও জাস্টিন ট্রুডোপ্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ায় জাস্টিন ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) কানাডার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার দেশের জনগণ আপনার নেতৃত্ব এবং দায়বদ্ধতার প্রতি আস্থা ব্যক্ত করেছেন।’
প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ট্রুডোর বাবা কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী পিয়ের এলিয়ট ট্রুডোর গুরুত্বপূর্ণ সমর্থনের কথা স্মরণ করেন।
শেখ হাসিনা বলেন,  ‘প্রয়াত পিয়ের ট্রুডো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যৌথভাবে প্রতিষ্ঠিত ভিত্তি আমাদের মধ্যকার সম্পর্কের নির্দেশনা হিসেবে কাজ করছে। ঢাকা ও অটোয়ার মধ্যে আর্থ-সামাজিক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতাসহ অন্যান্য খাতে গতিশীল সম্পর্ক বিরাজ করছে।’ তিনি কানাডাকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতার মাধ্যমে কানাডা বাংলাদেশের জীবনযাত্রার মানোন্নয়নে অবদান রাখছে।
রোহিঙ্গা সমস্যা সমাধানে ট্রুডোর ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন,  ‘আপনার দায়িত্বভার গ্রহণে আমরা আশাবাদী যে এই সংকটপূর্ণ সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশ কানাডার কাছ থেকে অব্যাহত সমর্থন ও সহযোগিতা পাবে।’
প্রধানমন্ত্রী বলেন, এই আনন্দঘন দিনে আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক উচ্চ মাত্রায় উন্নীত হবে বলে আমি আশা প্রকাশ করছি। খবর বাসস।