জান্নাতির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

মানববন্ধননরসিংদীর  গৃহবধূ জান্নাতি আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠনের কর্মীরা। রবিবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, যৌতুকের দাবি না মেটানো ও তার শ্বশুর-শাশুড়ির মাদক ব্যবসায় সহযোগিতা না করায় ২১ এপ্রিল রাতে গৃহবধূ জান্নাতি আক্তারের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করা হয়। এরপর দীর্ঘ ৪০ দিন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গত ৩০ মে তিনি মৃত্যুবরণ করেন।

বক্তারা আরও বলেন, জান্নাতি হত্যাকাণ্ড ও নুসরাত হত্যাকাণ্ড একই সময়ে ঘটে। তখন সারাদেশে ব্যাপক আলোড়ন তুলে প্রতিদিন প্রতিবাদ সভা সমাবেশ হয়। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নুসরাত হত্যার বিচার স্বল্প সময়ের মধ্যে হলেও জান্নাতি হত্যাকাণ্ডের বিচারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীন ভূমিকা দেখা যায়। জান্নাতি হত্যাকাণ্ডের পর পরিবারের পক্ষ থেকে ‘শিশু ও নারী নির্যাতন দমন আইনে’ হত্যা মামলা করা হয়। এই মামলায় জান্নাতির শ্বশুর, শাশুড়ি ও ননদকে গ্রেফতার করা হলেও তারা পরে জামিনে মুক্তি পান। জামিনে  আসার পর এই তারা জান্নাতির পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। ভয় দেখাচ্ছেন। বক্তারা আরও বলেন, জান্নাতির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব মো. তারিকুজ্জামান রেজা, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, দুঃস্থ নারী কল্যাণ উদ্যোক্তা সনিয়া খান ও জান্নাতির বাবা শরিফুল ইসলাম খান প্রমুখ।