রংপুরের পীরগঞ্জকে মডেল উপজেলা করার প্রতিশ্রুতি দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনটি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মতো পীরগঞ্জে ব্যাপক উন্নয়ন কার্যক্রম অব্যাহতভাবে চলছে। সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সোমবার (২ ডিসেম্বর) পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত ‘সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম এবং বিনামূল্যে রাসায়নিক সার ও ভুট্টা বীজ বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিনামূল্যে সার ও বীজ বিতরণসহ কৃষিবান্ধব কার্যক্রম গ্রহণ করছে। এ সময় তিনি সরকারিভাবে ধান সংগ্রহের কার্যক্রমকে অধিকতর স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
স্পিকার বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রে বিশেষ করে নারী শিক্ষায় অনেক এগিয়ে যাচ্ছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী--তাই তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করতে পারলে উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পীরগঞ্জে বিগত পাঁচ বছরে ৫০টি একাডেমিক ভবন স্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ শিক্ষাসহ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে" পীরগঞ্জ উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন তিনি। পরে তিনি ভেন্ডাবাড়ী মহিলা কলেজ আয়োজিত ‘ভেন্ডাবাড়ী মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এছাড়াও পীরগঞ্জের ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে এক হাজারটি বন্ধুচুলা, সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
রংপুরের পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার টি. এম. এ মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজিজুর রহমান সরকার রাঙ্গা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জের পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলনসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভেন্ডাবাড়ী মহিলা কলেজের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।