আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সোমবার (১৬ ডিসেম্বর) বলেন, শীতের মৌসুম হওয়ায় স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত তাপমাত্রা কমতে থাকবে। ২০-২২ ডিসেম্বর পর্যন্ত ক্রমাগত রাতের তাপমাত্রা কমে আসবে। এরপর আবার পরিবর্তন আসতে পারে। এ সময় কুয়াশাও বাড়বে বলে জানান তিনি।
আবহাওয়া অধিদফতরের সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে খুলনা ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সন্ধ্যায় পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮-১২ কিলোমিটার। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে।