সারাদেশে আপতত শীতের দাপট কিছুটা কমেছে। তবে ডিসেম্বরের শেষে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। শীত কমলেও ঘনকুয়াশায় ছেঁয়ে আছে চারপাশ। বেলা ১১-১২টার আগে সূর্যের দেখা মিলছে না। আজ বুধবার (২৫ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ মাসের ২৫-২৬ তারিখের দিকে সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারও তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং ২৭-২৮ তারিখের দিকে আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এটি ২-৩ দিন অব্যাহত থাকবে।
আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।